জাতীয় পাখি দোয়েল রচনা

জাতীয় পাখি: দোয়েল

সূচনা: বাংলাদেশে নানারকম পাখি সচরাচর দেখতে পাওয়া যায়। এদের মধ্যে দোয়েল বিশেষভাবে উল্লেখযোগ্য। দোয়েল আমাদের জাতীয় পাখি। দোয়েলের মিষ্টিমধুর গান বসন্তের প্রকৃতিকে মুগ্ধ করে তোলে।

আকৃতি: দোয়েল একটি ছোটো আকৃতির পাখি। এটি আকারে প্রায় ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এর দুটি সরু পা, দুটি পাখা, দুটি মায়াবী চোখ এবং একটি সুন্দর ঠোঁট মানুষকে সহজেই আকৃষ্ট করে। পুরুষ দোয়েলের গলা, মাথা, বুক ও পিঠ মিশকালো হয়; তবে ডানায় লম্বাটে সাদা দাগ থাকে। পক্ষান্তরে, স্ত্রী দোয়েলের গায়ের রং পুরুষ দোয়েলের মতো অত কালো নয়, এটি অনেকটা বাদামি ও ধূসর রঙের হয়ে থাকে।

প্রকৃতি: দোয়েল খুব শান্ত প্রকৃতির পাখি। এটি আমাদের দেশে ‘গানের পাখি’ নামে সুপরিচিত। শীতের শেষে বসন্তের আগমনে দোয়েল গান গাওয়ার জন্য প্রস্তুত হয়। শীতের তীব্রতায় এদের খুব একটা দেখা যায় না। লোকালয়ের কাছাকাছি ঘরের পাশে লেবু বা ডালিম গাছের ডালে বসে দোয়েল মনের সুখে গান করে। অনেক সময় বাড়ির উঠানের পাশে ঝিঙে বা শসা গাছের মাচায় এদের লাফিয়ে বেড়াতে আর শিস দিতে দেখা যায়।

বাসস্থান: গভীর জঙ্গলে দোয়েল সাধারণত বাস করে না; এরা একা বা জোড়া বেঁধে অগভীর জঙ্গলে থাকে। আবার একেবারে খোলামেলা জায়গায়ও এরা বাস করে না। মানুষের ঘরবাড়ির আঙিনার কাছাকাছি ঝোপঝাড়ে, গাছের কোটরে কিংবা রান্নাঘরের চালের কোণে এরা বাসা তৈরি করে।

খাদ্য: বিভিন্ন ধরনের কীটপতঙ্গই দোয়েলের প্রধান খাবার। ঘাসের উপর ছড়ানো শস্যকণা বা ছোটো ছোটো পোকামাকড় খেয়ে এরা জীবনধারণ করে।

বংশবিস্তার: বছরের একটি নির্দিষ্ট সময়ে স্ত্রী দোয়েল সাধারণত তিন থেকে পাঁচটি ডিম পাড়ে। দোয়েলের ডিমের রং ফিকে লালচে সবুজ এবং এর গায়ে লালচে বাদামি ছোপ থাকে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মা ও বাবা দোয়েল মিলে পরম যত্নে তাদের লালনপালন করে বড়ো করে তোলে।

প্রাপ্তিস্থান: সাধারণত মৌসুমি জলবায়ু অঞ্চলে দোয়েল পাখি বেশি পাওয়া যায়। বাংলাদেশের সব অঞ্চলেই কম-বেশি এই পাখি দেখতে পাওয়া যায়।

উপসংহার: দোয়েল আকারে ছোটো হলেও এর গায়ের রং, মিষ্টি শিস আর চঞ্চল আকৃতি খুবই আকর্ষণীয়। বাংলাদেশের অসংখ্য সুন্দর পাখির মধ্যে দোয়েল তার নিজস্ব বৈশিষ্ট্যের কারণে আমাদের জাতীয় পাখির মর্যাদা লাভ করেছে।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস