বাংলাদেশের জাতীয় ফুল: শাপলা (রচনা)

শাপলা

সূচনা: শাপলার বৈশিষ্ট্য তার স্নিগ্ধ হাস্যময় রূপ। বাংলাদেশের অসংখ্য ফুলের মধ্যে শাপলা সবচেয়ে পরিচিত ফুল। শাপলা আমাদের জাতীয় ফুল।

পরিচিতি: শাপলা একপ্রকার জলজ ফুল। শুকনো মৌসুমে শাপলার কন্দ মাটির নিচে থাকে। বর্ষার জলের স্পর্শ পেয়ে এর অঙ্কুর ফোটে। মূলের ভিতর থেকে সরু নলের মতো একটি দন্ড উঠে এসে জলের উপরে গাঢ় সবুজ বিশাল পাতা ছড়িয়ে দেয়। তারপর ফুলের কুঁড়ি নিয়ে শাপলার ডাঁটা মাথা তোলে জলের উপরে। আলো-বাতাসের স্পর্শে ফুটে ওঠে ফুল। একটি দন্ডের উপর ফুটে ওঠা এ ফুলের একস্তরে অনেকগুলো পাপড়ি থাকে।

প্রাপ্তিস্থান: বর্ষাকালে এ দেশের প্রায় সর্বত্রই শাপলা ফুটতে দেখা যায়। এ দেশের খালবিল, ডোবা-নালা ইত্যাদি জলাভূমিতে শাপলা ফোটে।

প্রকারভেদ: শাপলা একটা পদ্মগোত্রীয় ফুল। আমাদের দেশে তিন রকমের শাপলা জন্মে থাকে। যেমন: সাদা, লাল ও নীল। সাদা শাপলাকেই আমাদের জাতীয় ফুল হিসেবে গণ্য করা হয়েছে।

শাপলার গুরুত্ব: তরকারি হিসেবে শাপলার কোমল দণ্ড খুবই জনপ্রিয়। এ ডাঁটা বেশ মুখরোচক। তাছাড়া শাপলা ফুলের দানার খৈ (ঢ্যাপের খৈ) গ্রামবাংলার শিশু-কিশোরদের কাছে খুবই প্রিয়। গ্রামবাংলার দরিদ্র অনেক মানুষই শাপলা ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করে।

উপসংহার: বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অনন্ত আয়োজনে শাপলা একটি সুলভ উপাদান। শাপলার নিরাভরণ সহজ সৌন্দর্য দেখে আমাদের চোখ জুড়ায়, প্রাণ জুড়ায়। তাই শাপলা আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস