পাঠাগার রচনা
পাঠাগার / গ্রন্থগার
সূচনা: জ্ঞান অর্জনের প্রধান ও অন্যতম উৎস হলো বই । আর বই পড়ার ও সংগ্রহের জন্য সবচেয়ে প্রধান স্থান হলো পাঠাগার। সাধারণত প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাঠাগার থাকে। শিক্ষার্থীদের জন্য পাঠাগার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য জানা এবং পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীরা পাঠাগারে বসে শান্ত পরিবেশে বই পড়তে পারে।
পাঠাগার কী: পাঠকের পছন্দ, রুচি ও প্রয়োজন অনুযায়ী যে নির্দিষ্ট স্থানে নানারকম গ্রন্থ বা বই সুন্দরভাবে শ্রেণি অনুসারে সাজিয়ে বা সংরক্ষণ করে রাখা হয়, তাকেই পাঠাগার বা গ্রন্থাগার বলা হয়।
পাঠাগারের উদ্ভব: অনেক প্রাচীনকালে যখন কাগজের আবিষ্কার হয়নি, তখন মানুষ গাছের পাতা কিংবা পাথরে লিখে রাখত। পরবর্তীতে যখন কাগজ ও বই তৈরি হতে শুরু করল, তখন সেই বইগুলোকে পরম যত্নে রাখার জন্য আলাদা ঘরের প্রয়োজন দেখা দিল। সেই বই রাখার ঘরটিই ধীরে ধীরে আজকের আধুনিক পাঠাগারে পরিণত হয়েছে। বর্তমান যুগের আধুনিক পাঠাগারগুলোতে শুধু ছাপানো বই ও পত্রিকাই নয়, বরং কম্পিউটারে সংরক্ষিত ‘ই-বই’ (E-book) বা ইলেকট্রনিক বইও সহজে পাওয়া যায়। আধুনিক পাঠাগারগুলো সাধারণত বেশ গোছানো, শান্ত ও আরামদায়ক হয়ে থাকে।
পাঠাগারের শ্রেণিবিভাগ: পাঠাগারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. ব্যক্তিগত পাঠাগার: যেখানে মানুষ নিজের ভালো লাগা ও পছন্দমতো বই নিজে কিনে সংগ্রহ করে রাখে।
২. পারিবারিক পাঠাগার: পরিবারের সকল সদস্যের বয়স ও পছন্দ অনুযায়ী বই দিয়ে এই পাঠাগার গড়ে তোলা হয়।
৩. সাধারণ পাঠাগার: এটি সব শ্রেণির ও সব বয়সের মানুষের পড়াশোনা করার জন্য উন্মুক্ত থাকে। এখানে সব ধরনের বিষয়ের হাজার হাজার বই পাওয়া যায়।
পাঠাগারের গুরুত্ব: পাঠাগার মানুষের মনে জ্ঞানের আলো ছড়ায় । এটি মানুষকে একজন সুশিক্ষিত, জ্ঞানী, ভালো মনের ও চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে । পাঠাগারে নিয়মিত ভালো বই পড়লে মানুষের মন ভালো থাকে এবং প্রতিদিন নতুন নতুন অনেক কিছু শেখা যায় ।
উপসংহার: বই হলো মানুষের জীবনের প্রকৃত ও শ্রেষ্ঠ বন্ধু। তাই আমাদের সবার উচিত অলস বা অবসর সময়ে ঘরে বসে না থেকে নিয়মিত পাঠাগারে যাওয়া এবং মনের সুখে নতুন নতুন বই পড়া।