হাজি মুহম্মদ মুহসিন রচনা

হাজি মুহম্মদ মুহসিন

সূচনা: হাজি মুহম্মদ মুহসিন একজন মহান দানবীর, দয়ালু ও উদার মনের মানুষ ছিলেন। তিনি সবসময় গরিব ও অসহায় মানুষদের সাহায্য করতেন। তাঁর এই অনন্য দানশীলতা, শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি এবং উদার মানবিকতার জন্য মানুষ আজও তাঁকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করে।

জন্ম ও মৃত্যু: হাজি মুহম্মদ মুহসিন ১৭৩২ সালে ভারতের হুগলিতে জন্মগ্রহণ করেন এবং ১৮১২ সালে তিনি মৃত্যুবরণ করেন।

বংশ পরিচয়: তাঁর পিতার নাম ছিল হাজি ফয়জুল্লাহ এবং মায়ের নাম জয়নাব খানম। তাঁদের পরিবার ছিল বেশ ধনী ও শিক্ষিত। পারিবারিকভাবে তিনি তাঁর পিতা ও বড়ো বোন মন্নুজানের নিকট থেকে প্রচুর সম্পত্তি লাভ করেন।

মহানুভবতা: হাজি মুহম্মদ মুহসিন ছিলেন এক বিশাল হৃদয়ের মানুষ। গরিব, অসহায় ও এতিমদের জন্য তাঁর ঘরের দরজা সবসময় খোলা থাকত। একদিন রাতে তাঁর বাড়িতে একজন চোর চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে। কিন্তু তিনি চোরকে পুলিশে না দিয়ে বা কোনো শাস্তি না দিয়ে তার চুরির কারণ জিজ্ঞেস করলেন। চোরের অভাবের কথা শুনে তাঁর মনে দয়া হলো এবং তিনি তাকে অর্থ দিয়ে সাহায্য করলেন, যেন সে গ্রামের বাজারে একটি ব্যবসা করে ভালো মানুষ হিসেবে বাঁচতে পারে। এমন মহান ও বড়ো মনের অধিকারী হওয়ার কারণে সবাই তাঁকে ‘দানবীর মুহসিন’ নামে ডাকত।

শিক্ষা অনুরাগী: হাজি মুহম্মদ মুহসিন শুধু দানই করেননি, শিক্ষার আলো ছড়াতেও অনেক বড়ো অবদান রেখেছেন। তিনি তাঁর নিজের অর্থে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাস গড়ে তুলেছিলেন, যেখানে গরিব শিক্ষার্থীরা বিনা খরচে পড়াশোনা করার সুযোগ পেত।

উপসংহার: সাধারণ জীবনযাপন, অকাতরে দানশীলতা এবং শিক্ষা বিস্তারের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন হাজি মুহম্মদ মুহসিন। উত্তরাধিকার সূত্রে পাওয়া তাঁর সমস্ত ধন-সম্পদ তিনি নিজের ভোগবিলাসে ব্যয় না করে মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন। এই মহান কর্মের জন্য তিনি বাংলার ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবেন।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস