বাংলাদেশের জাতীয় পাখি: দোয়েল (রচনা)

দোয়েল

সূচনা: বাংলাদেশে যেসব পাখি সচরাচর দেখতে পাওয়া যায় তাদের মধ্যে দোয়েল বিশেষভাবে উল্লেখযোগ্য। দোয়েল আমাদের জাতীয় পাখি।

আকৃতি: দোয়েল একটি ছোট্ট পাখি। এটি আকারে ছয় ইঞ্চি লম্বা হতে পারে। এর দুটি সরু পা, দুটি পাখা, দুটি চোখ এবং সুন্দর ঠোঁট মানুষকে সহজেই আকৃষ্ট করে। পুরুষ দোয়েলের গলা, মাথা, বুক ও পিঠ মিশকালো। তবে লম্বাটে সাদা সাদা দাগ আছে। পক্ষান্তরে, স্ত্রী দোয়েলের রং অনেকটা বাদামি ও ধূসর।

প্রকৃতি: দোয়েল বাংলাদেশের ‘গানের পাখি’ নামে সুপরিচিত। শীতের শেষে বসন্তের আগমনে তারা শিস দিতে থাকে। ঘরের পাশে লেবু বা ডালিম গাছের ডালে বসে দোয়েল মনের সুখে গান করে।

বাসস্থান: অগভীর জঙ্গলে দোয়েল একা বা জোড়াসহ থাকে। গভীর জঙ্গলে এদের দেখা যায় না। দোয়েল আঙিনার কাছাকাছি ঝোপ-ঝাড়ে, গাছের কোটরে, রান্নাঘরের পাশে বাস করে।

খাদ্য: কীটপতঙ্গই দোয়েলের প্রধান খাবার। ঘাসের উপর ছড়ানো শস্যকণা বা ছোটো পোকামাকড় খেয়ে এরা জীবনধারণ করে।

বংশবিস্তার: বছরের একটি সময় স্ত্রী দোয়েল তিন থেকে পাঁচটি ডিম পাড়ে। ডিমের রং ফিকে লালচে সবুজ এবং এতে লালচে বাদামি ছাপ থাকে। ডিম ফুটে বাচ্চা হয় এবং সেগুলো লালন-পালন করে বড়ো করে তোলে।

প্রাপ্তিস্থান: সাধারণত মৌসুমি জলবায়ু অঞ্চলে দোয়েল পাওয়া যায়। বাংলাদেশের সর্বত্র এ পাখি দেখা যায়।

উপসংহার: দোয়েল আকারে ছোটো হলেও রং ও আকৃতি খুবই আকর্ষণীয়। বাংলাদেশের অসংখ্য পাখির মধ্যে দোয়েল তাই জাতীয় পাখির মর্যাদা পেয়েছে।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস